অবিবাহিত মেয়েরা মোবাইল ব্যবহার করতে পারবে না, ভিনজাতে বিয়ে করলে জরিমানা 
ফতোয়া গুজরাতের ঠাকুর সম্প্রদায়ের


আমেদাবাদ, ১৭ জুলাই: গুজরাতের বনসকাঁথা জেলার ঠাকুর সম্প্রদায়ের অবিবাহিত মেয়েরা মোবাইল ব্যবহার করতে পারবে না। এমনই আজব ফতোয়া জারি করেছেন এই সম্প্রদায়ের প্রবীণরা। গত ১২ জুলাই দান্তিওয়াড়া তালুকে বৈঠকে বসেন তাঁরা। তারপর, ১৪ তারিখ থেকে এই নির্দেশিকা লাগু হয়। এদিকে, উক্ত নির্দেশিকা কেউ অমান্য করলে, তার বাবা-মাকে এর জন্য শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ফতোয়া প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে তুমুল বিতর্ক দানা বাধেঁ। যদিও, এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস বিধায়ক গানিবেন ঠাকুর। তাঁর কথায়, এর মধ্যে ভুল কিছু নেই। অবিবাহিত মেয়েদের প্রযুক্তিতে ডুবে না থেকে পড়াশুনোয় মন দেওয়া উচিত। অন্যদিকে, বিধায়ক অল্পেশ ঠাকুরের মতে, শুধু মেয়ে নয়, কম বয়সি ছেলেদের উপরও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা উচিত। এতে তারা আরও বেশি করে পড়াশুনোয় মনোযোগ দিতে পারবে। 
ফোন ব্যবহার নিয়ে ঠাকুর সম্প্রদায়ের নেতারা বেশ চিন্তিত। এক নেতার কথায়, কথা বলতে, ভিডিও রেকর্ড করতে অনেকেই প্রচুর সময় নষ্ট করছেন। সেই সময় পড়াশুনোর জন্য ব্যবহার করলে, তা তাঁদের ভবিষ্যতের জন্য ভালো। এমনকী, কলেজে যাওয়া অবিবাহিত মেয়েদের হাতেও মোবাইল দিতে বাবা-মাকে বারণ করা হয়েছে। তবে, এই ফতোয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এক নেতা। 
এদিকে, শুধু মোবাইল ব্যবহারে ফতোয়া জারি করেই থেমে থাকেননি ঠাকুর সম্প্রদায়ের প্রবীণরা। ভিনজাতে বিয়ে ঠেকাতেও শাস্তির নিদান দিয়েছেন তাঁরা। ছেলে বা মেয়েকে অন্য জাতের কারওর সঙ্গে বিয়ে দিলে দেড় লক্ষ এবং আড়াই লক্ষ টাকার জরিমানা দিতে হবে পরিবারকে। পাশাপাশি, বিয়ের খরচেও রাশ টানার ফরমান জারি হয়েছে। ডিজে, বাজি ও জলসায় অতিরিক্ত টাকা খরচ করতে বারণ করেছেন প্রবীণরা। সেই টাকা ঠাকুর সম্প্রদায়ের ছেলে-মেয়েদের জন্য খরচ করার নির্দেশ দিয়েছেন তাঁরা।