রাজ্যে উচ্চ প্রাথমিকে সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ

নবগঠিত ২১৯৮টি উচ্চ প্রাথমিক স্কুলে ৬৫৯৪ জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ২৮৪ জন সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগেরও সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যেই এই শিক্ষক নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। ফলে সাঁওতালি ভাষার শিক্ষকের আর অভাব থাকবে না। মন্ত্রিসভার বৈঠকের পরে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এক সাংবাদিক বৈঠকে এই শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের কথা জানান। একইসঙ্গে জানিয়ে দেন, খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে।
মন্ত্রিসভার প্রতিটি বৈঠকেই কর্মসংস্থানের উপরে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। শিক্ষা, স্বরাষ্ট্র, স্বাস্থ্য প্রভৃতি দপ্তরে নিয়োগের জন্য বিভিন্ন পদ সৃষ্টি করা হচ্ছে। গত সাত বছরে বিভিন্ন দপ্তরে কয়েক লক্ষ কর্মসংস্থান হয়েছে। বিধানসভায় তার একটি তালিকা পেশ করেছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। আরও কর্মসংস্থান করা হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন। সেই মতো এদিন শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শিক্ষক নিয়োগের প্রস্তাব পেশ করা হয়। মন্ত্রিসভার বৈঠক থেকে সেই প্রস্তাবে সিলমোহর দেওয়া হল।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২১৯৮টি উচ্চ প্রাথমিক স্কুলে যে ৬৫৯৪ জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই পদের নাম সহ-শিক্ষক (স্নাতক)। তাঁদের বেতনক্রম হবে ৭,১০০ টাকা থেকে ৩৭,৬০০ টাকা সঙ্গে গ্রেড পে ৪১০০ টাকা। আর সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে যে ২৮৪ জন শিক্ষক নিয়োগ করা হবে, তাঁদের মধ্যে ৫৮ জনকে সহ-শিক্ষক (স্নাতকোত্তর/সাঁওতালি ভাষা) পদ দেওয়া হবে। তাঁদের বেতনক্রম হবে ৯,০০০ থেকে ৪০,৫০০ টাকা, সঙ্গে গ্রেড পে ৪,৮০০ টাকা। অন্য পদটি হল, সহ-শিক্ষক (স্নাতক/সাঁওতালি মাধ্যম)। যার বেতনক্রম হবে ৭,১০০ টাকা থেকে ৩৭,৬০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৪,১০০ টাকা। এই পদে বাকি ২২৬ জনকে নিয়োগ করা হবে। এদিন মন্ত্রিসভা অনুমোদন করে দেওয়ায় ১৫ দিনের মধ্যে আদেশনামা প্রকাশ করা হবে। এরপরই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন।
এছাড়াও এদিন মন্ত্রিসভার বৈঠকে পুলিসের মতো দমকলকর্মীদের জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরি করা হয়েছে। যে বোর্ডে অগ্নি নির্বাপণের কাজে যুক্ত কর্মী-প্রতিনিধিদের রাখা হবে। তাঁদের সঙ্গে আলোচনা করেই দমকল কর্মীদের কল্যাণে সরকার নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে। শুধু রাজ্যস্তরে নয়, প্রতিটি জেলাতেও ওয়েলফেয়ার বোর্ড তৈরি করা হবে। এ ব্যাপারে মন্ত্রিসভার বৈঠকের পর দমকল মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, প্রাণের ঝুঁকি নিয়ে দমকলের কর্মীরা কাজ করেন। তাঁদের কল্যাণে এই ওয়েলফেয়ার বোর্ড গড়া হচ্ছে। এই বোর্ডের মাথায় থাকবেন ডিজি দমকল। বাকিরা সবাই দমকল দপ্তরের অফিসার ও কর্মী। দমকল কর্মীদের জন্য নতুন দিগন্ত খুলে দিতে চায় রাজ্য সরকার। তাঁদের সঙ্গে আলোচনা করেই তাঁদের যা যা প্রয়োজন, তা মিটিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, পুলিসের মতো দমকলেও ইউনিয়ন উঠে যেতে চলেছে।
এদিনের বৈঠকে রানিগঞ্জে ১০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তার জন্য জমি চিহ্নিত করা হয়েছে। সৌরশক্তির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য আগেই নিয়েছে। বর্তমানে ৮০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদিত হয়, তা বাড়িয়ে ৩০০ মেগাওয়াট করার পরিকল্পনা আছে বলে বিধানসভায় জানিয়েছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।