কাশ্মীরে ৩৭০ ধারা রদ কেন্দ্রের
কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দিল কেন্দ্র সরকার। ফলে, কার্যত নতুন করে কাশ্মীরের ইতিহাস রচনার পথে মোদী সরকার।
দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের একাধিক শীর্ষনেতা গৃহবন্দি। গ্রেফতারও হয়েছেন কেউ কেউ। উপত্যকার বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই জারি হয়েছে ১৪৪ ধারা। এর জেরে, উপত্যকায় কী হতে চলেছে তা নিয়ে কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল। সেই জল্পনার অবসান ঘটল আজ।
সোমবার, সংসদ শুরু হতেই রাজ্যসভায় সংবিধানের ৩৭০ ধারা তুলে দেওয়ার কথা ঘোষণা করেন অমিত। সঙ্গে সঙ্গেই বিরোধীরা তুমুল হই হট্টগোল জুড়ে দেন। কয়েক মিনিটের জন্য মুলতুবি হয়ে যায় অধিবেশন। পরে ফের অধিবেশন শুরু হলে, বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
• লাদাখও আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল
• আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পাচ্ছে জম্মু-কাশ্মীর
• অর্থাৎ তুলে নেওয়া হল জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা
• কাশ্মীরের উন্নয়নের জন্য ৩৭০ ধারার বিলোপ, বললেন অমিত শাহ
• বিরোধীদের তুমুল হই হট্টগোলের মধ্যেও নির্দেশনামা পড়ে শোনান অমিত শাহ
• রাজ্যসভায় রাষ্ট্রপতির সই করা নির্দেশনামা পড়ে শোনান অমিত শাহ
• স্বাভাবিক ভাবেই এই ধারার অধীনে ৩৫এ ধারারও বিলুপ্তি ঘটল
• সংবিধানের ৩৭০ ধারা বিলোপ
কাশ্মীর পরিস্থিতির প্রেক্ষিতে অন্যান্য রাজ্যকেও নিশানা করতে পারে জঙ্গিরা, এই আশঙ্কা থেকে সব রাজ্যকে ইতিমধ্য়েই নিরাপত্তা কঠোর করতে বলা হয়েছে। তা নিয়ে রাজ্যগুলিকে অ্যাডভাইসরিও পাঠিয়েছে কেন্দ্র সরকার। এ দিন মূল বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা করে দেখা করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা করেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদও।
উপত্যকায় যে কিছু একটা ঘটতে চলেছে, সে ইঙ্গিত অবশ্য মিলছিল ক’দিন ধরেই। অমরনাথ যাত্রা বন্ধ করে দিয়ে হঠাৎই কাশ্মীরে বাড়ানো হয়েছিল আধাসেনার বহর। সম্ভাব্য জঙ্গি হানার খবর পেয়েই কি এই ব্যবস্থা, নাকি অন্য কোনও উদ্দেশ্য রয়েছে সরকারের, জল্পনা তৈরি হচ্ছিল তা নিয়েই। পর্যটকদের ফেরানোও হচ্ছিল। রবিবার সন্ধ্যায় একটি সূত্রে শোনা যায়, জম্মু-কাশ্মীর পুলিশকে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও, সে কথা অবশ্য স্বীকার করেনি সরকার। তবে সূত্রের খবর, শোপিয়ানের মতো স্পর্শকাতর এলাকাগুলিতে থানা পাহারা দিচ্ছে বিএসএফ। বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। ফিরিয়ে আনা হয়েছে যুব ক্রিকেটারদেরও।