
কেন্দ্রীয় আধাসেনার অধীন বাহিনীগুলিতে এক লক্ষেরও বেশি শূন্যপদে নতুন করে নিয়োগ শুরু হতে চলেছে। এর মধ্যে সবথেকে বেশি শূন্যপদ সৃষ্টি হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে (বিএসএফ)। বিগত বছরগুলিতে অবসরগ্রহণ, ইস্তফা, মৃত্যু, নতুন ব্যাটালিয়ন গঠন, নয়া পদের সৃষ্টি ইত্যাদি নানা কারণে এই বিপুল সংখ্যক শূন্যপদের সৃষ্টি হয়েছে। লক্ষাধিক এই শূন্যপদেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক।
এদিন, স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই এক প্রশ্নের উত্তরে রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইতিমধ্যেই ৬০২১০ কনস্টেবল, ২৫৩৪ সাব ইন্সপেক্টর এবং ৩৩০ অ্যাসিস্ট্যান্ট কমান্ডারের শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। স্টাফ সিলেকশন কমিশন এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। আগামীদিনে বাকি প্রায় ৪৫ হাজার পদে নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বিএসএফের শূন্যপদের সংখ্যা ২৮৯২৬। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে (সিআরপিএফ) শূন্যপদ রয়েছে ২৬৫০৬। সশস্ত্র সীমা বলে (এসএসবি) রয়েছে ১৮৬২৩, ইন্দো টিবেটিয়ান পুলিশ ফোর্সে (আইটিবিপি) রয়েছে ৫৭৮৪ টি শূন্যপদ এবং অসম রাইফেলসের ৭৩২৮ টি পদ শূন্য রয়েছে। সরকার চাইছে এই বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ সম্পূর্ণ করে ফেলতে। তিনরকম নিয়মে শূন্যপদ পূরণ করা হয়। নতুন নিয়োগ, প্রোমোশন, অন্য বাহিনী থেকে ডেপুটেশন। এই তিনভাবেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই শূন্যপদের সিংহভাগই কনস্টেবল পদে।
বিগত বছরগুলিতে সীমান্ত সংঘাতের সম্ভাবনা যত বেড়েছে, ততই পাকিস্তান ও চীন সীমান্তে বর্ডার আউটপোস্টের সংখ্যাও বেড়েছে। নতুন ব্যাটালিয়নও চালু হয়েছে প্রায় প্রতিটি আধা সামরিক বাহিনীতে। ২০১৪ সালেই ঘোষণা করা হয়েছিল নতুন ৫৪টি আউটপোস্ট চালু হবে শুধু চীন সীমান্তে। নতুন আউটপোস্টের জন্য দরকার অতিরিক্ত ১২টি ব্যাটালিয়ন। অর্থাৎ অন্তত ১২ হাজার আধাসেনা। ২০১৭ সালে আইটিবিপি আয়োজিত একটি অনুষ্ঠানে আরও ৫০টি নতুন আউটপোস্ট অনুমোদিত হয়েছে। এর মধ্যে চলতি বছরে চীনের সঙ্গে বিপুল সংঘাতের আবহ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সিকিম, অরুণাচল প্রদেশ, লাদাখ, উত্তরাখন্ডে সীমান্ত প্রহরার জন্য প্রচুর আধা সেনা মোতায়েন করা হয়েছে নতুন করে। চীনের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও বিশেষ উন্নতি হয়নি পরিস্থিতির। মনে করা হচ্ছে, আসন্ন শীতকালেও এই সংঘাত বজায় থাকবে। তাই এখন থেকেই আরও বেশি সেনা ও আধাসেনা পাঠানোর তোড়জোড় চলছে। সেই কারণেই এই নিয়োগের পরিকল্পনা। এর মধ্যেই আবার আগামী বছর একসঙ্গে পাঁচটি রাজ্যে বিধানসভার ভোট। এই অবস্থায় আধা সামরিক বাহিনীর শূন্যপদ দ্রুত পূর্ণ করতে উদ্যোগী হয়েছে সরকার।
Download করুন Instagram Videos বিনামূল্যে — Download
