ক্ষমতায় এসে কথা মত ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার। আর মুখ্যমন্ত্রীর এই প্রকল্পকে কটাক্ষ করেই গান (Lakshmir Bhandar Song) বাঁধলেন হরিণঘাটার (Haringhata) বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার (Asim Sarkar)। গানের মধ্যে দিয়েই কটাক্ষ করলেন রাজ্য সরকারকে।

এর আগেও একাধিকবার প্রকল্প নিয়ে বিরোধী বিজেপি শিবিরের তীব্র সমালোচনার মুখে পড়েছেন রাজ্যের শাসকদল (TMC)। এবার মুখ্যমন্ত্রীর স্বপ্নের লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar Scheme) প্রকল্পকে তীব্র কটাক্ষ করে গান(Lakshmir Bhandar Song) বাঁধলেন হরিণঘাটা বিজেপির বিধায়ক কবিয়াল অসীম সরকার। বর্তমান সময়ে মহিলাদের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে গানের মাধ্যমে। ইতিমধ্যে বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক চাঞ্চল্য শুরু হয়েছে। অবশ্য এসবে পাত্তা দিতে নারাজ শাসকদল।

গত মাসের ১৬ তারিখ থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। আর সেখানেই পাওয়া যাচ্ছে ‘লক্ষ্মী ভান্ডার’ প্রকল্পের ফর্ম। বেশকিছু জায়গায় এই ‘লক্ষ্মী ভান্ডার’ প্রকল্পের ফর্ম তোলা জমা নিয়ে কিছু জটিলতা সামনে এসেছে। উঠেছে করোনা বিধি ভঙ্গের অভিযোগ। সেসব কিছু নিজের গানের মধ্যে তুলে ধরলেন বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার। গানে গানেই লক্ষ্মী ভাণ্ডারের বিষয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন তিনি।

বিজেপির বিধায়ক কবিয়াল অসীম সরকার তাঁর কথা ও সুরের মাধ্যমে বলতে চেয়েছেন, ‘দেখো আজ ভাই লক্ষীর ভান্ডারে কত অসহায় লক্ষী, প্রমাণ মিলল এবারে।’ এছাড়াও ‘ত্রান চাই না পরিত্রাণ চাই। স্বনির্ভর হতে চাই।’ ঠিক এই ভাষাতেই গান বেঁধেছেন বিজেপি বিধায়ক। ইতিমধ্যে তাঁর সেই গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফলে অস্বস্তি বাড়ছে শাসকদলের। যদিও তাঁরা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।

প্রসঙ্গত, এবারের ভোট প্রচারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয়বার ক্ষমতায় আসার পর তিনি সেই কাজও শুরু করেন। ইতিমধ্যে ১ সেপ্টেম্বর থেকে বাংলার অনেক লক্ষ্মী এই প্রকল্পের আর্থিক সুবিধা পেতেও শুরু করেছেন। এর মধ্যেই একাধিকবার করোনা বিধি ভঙ্গ করার অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গায়। মূলত সেই অভিযোগের ভিত্তিতেই এবার গান বেঁধেছেন বিজেপি বিধায়ক। সরকারের পক্ষ থেকেও বার বার কড়া ভাষায় বলা হয়েছে দুয়ারে সরকার বা লক্ষীর ভান্ডার প্রকল্পের কাজে কোনওরকম বেনিয়ম বরদাস্ত কড়া হবে না। এই নিয়ে মুখ্যমন্ত্রী নিয়েও নির্দেশ দিয়েছেন জেলাগুলিকে।