
এলআইসি বিলগ্নিকরণের প্রক্রিয়া শুরু করে দিল সরকার। কয়েকদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটির বৈঠকে এব্যাপারে অনুমোদন মিলেছে। এরপর বৃহস্পতিবারই এলআইসি শেয়ার বিক্রির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মার্চেন্ট ব্যাঙ্কার্স, রেজিস্ট্রার এবং আইনি পরামর্শদাতাদের আহ্বান জানিয়েছে ডিপার্টমেন্ট অব ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট। ৬ আগস্টের মধ্যে দরপত্র ঘোষণা হবে বলে স্থির হয়েছে। বিলগ্নিকরণের মাধ্যমে চলতি আর্থিক বছরে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। এর মধ্যে বিমা, ব্যাঙ্ক এবং সরকারি আর্থিক প্রতিষ্ঠান বিক্রি করে আসবে ১ লক্ষ কোটি টাকা। বাকি ৭৫ হাজার কোটি টাকা আয়ের পরিকল্পনা করা হয়েছে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির মাধ্যমে। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত ও সুপারিশ কেন্দ্রকে জানিয়েছে নীতি আয়োগ।
এলআইসির বিক্রয় প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হল শেয়ার মার্কেটে শেয়ার বিক্রি। সেই শেয়ারের ১০ শতাংশ আলাদা করে রাখা হবে পলিসি গ্রাহকদের জন্য। দরপত্রের রূপরেখা স্থির করবে বিশেষজ্ঞ কমিটি। ইতিমধ্যেই সরকার এলআইসি সংশোধনী আইন তৈরি করেছে। আগামী সোমবার থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। তা চলাকালীন বিমা, ব্যাঙ্ক বিক্রির জন্য আনা হবে বিল। সংশোধনী আইন পাশ হওয়ার পর এই সেক্টরগুলি বিক্রয় শুরু হয়ে যাবে। জানা যাচ্ছে, এলআইসির শেয়ার বিক্রি আরম্ভ হবে ২০২২ সালের জানুয়ারি মাসে। তার আগেই সেন্ট্রাল এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক বিক্রির প্রক্রিয়া চালু করবে কেন্দ্র। পাশাপাশি চলবে ইউনাইটেড ইনসিওরেন্স বিলগ্নিকরণের তোড়জোড়। মোট ২৩টি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বাছাই করা হয়েছে। আগামী কয়েক বছরে সেগুলির বিলগ্নিকরণের মাধ্যমে ৩ লক্ষ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে মোদি সরকার।
ব্যাঙ্ক ও বিমার জাতীয়করণ করা হয়েছিল। তা বদলে বেসরকারিকরণের উল্টোপথে হাঁটার জন্য দু’টি প্রধান আইন সংশোধন করতে হবে কেন্দ্রকে। তা হল—১৯৭০ সালের ব্যাঙ্কিং কোম্পানিজ (অধিগ্রহণ ও রাষ্ট্রায়ত্ত) আইন এবং জেনারেল ইনসিওরেন্স বিজনেস (জাতীয়করণ) আইন। সম্প্রতি কেন্দ্রীয় অর্থসচিব বলেছেন, অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই বেসরকারি হাতে চলে যাবে। সরকারের অধীনে থাকবে গুটিকয় ব্যাঙ্ক। আসন্ন অধিবেশনে ডিপোজিট ইনসিওরেন্স বিলও পাশ করানো হবে। এই আইনটির সংশোধন হচ্ছে। যার ফলে দেউলিয়া হয়ে যাওয়া ব্যাঙ্কের গ্রাহকরা ক্ষতিপূরণ পাবেন সর্বাধিক ৫ লক্ষ টাকা।
